২০শে জুমাদাল উলা, ৮৫৭ হিজরি। সেন্ট রোমানুস গেট, কনস্টান্টিনোপল। ৫৭০ বছর আগের কথা। ইতিহাসের পাতায় সময়টা ছিল এক নতুন অধ্যায় রচনার মূহুর্ত। রক্ত আর আগুনের মিশ্রণে তৈরি কালিতে যে অধ্যায়ের শিরোনাম লিখছিলেন উসমানি সুলতান মুহাম্মাদ আল-ফাতিহের বাহিনী। যেখানে পৃষ্ঠা ছিল হাজার বছর ধরে অপরাজেয়, কনস্টান্টিনোপলের প্রাচীর! ইতিহাসের এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে যে প্রাচীর আজ হার মানতে চলেছে। খুলে দিতে চলেছে বহু শতাব্দী যাবত অগণিত দিগ্বিজয়ী সেনাপতির আক্রমণের মুখে নির্বিকারভাবে দণ্ডায়মান থাকা বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানীর দ্বার! কিন্তু, এমন বিরাট কীর্তি তো সহজে ধরা দিবে না! ইতিহাস রক্তের কালিতে লেখা একটি বইয়ের নাম। আর, কালির পরিমাণ যার যত হবে, তার অধ্যায়ের বিস্তৃতিও হবে তত বেশি। উসমানিদের ২০শে জুমাদাল উলার সকালটা তাই কেটে গেলো এই কালির সরবরাহেই। সেদিন সকালের দৃশ্য ছিল ভয়াবহ মাত্রার নির্মম। সকাল নামার পূর্বে সমগ্র রাতজুড়ে উসমানি সেনাবাহিনী যিকির-আযকার, তাসবিহ-তাহলিল আর দু'আর মাঝে কাটিয়ে দেন। এসময় সুলতান তাঁর সাথীদের বলেছিলেন - "আমরা আগামীকাল যোহরের নামাজ আয়া সুফিয়ার গির্জায় আদায় করব, ইন শা আল্লাহ!...
Self-proclaimed defense analyst. Tracking conflict in SA, MENA & Eastern Europe. Muslim.